বাংলাদেশ

বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জীবনমান উন্নয়নে জাপানকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের স্থানীয় সময় আজ বিকেল ৫টা ১০ মিনিটে হোটেল ইম্পেরিয়ালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। বৈঠকে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এবং বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী ২০২৬ সালের জুলাইয়ে জাইকা প্রেসিডেন্টের ঢাকা সফরের কথা স্মরণ করে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ও অবকাঠামো উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। বৈঠকে জাপানের সহায়তায় চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো সম্পন্ন করা এবং অপেক্ষমাণ অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশের সমৃদ্ধি ও বর্তমান উন্নয়ন চাহিদার কথা বিবেচনা করে সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখা, কারিগরি সহযোগিতা বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়।

এছাড়া বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব’ গঠন, ‘প্রযুক্তি ও উদ্ভাবন নগরী’ প্রতিষ্ঠা এবং কৃষি আধুনিকীকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে জাপানি সহযোগিতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। জবাবে জাইকা প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব যৌথ উদ্যোগ বাংলাদেশ ও জাপানের বিদ্যমান কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং দুই দেশের অভিন্ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com