শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান ও অপরিচ্ছন্নতা
আকস্মিক পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ওই চিকিৎসকের কক্ষটি মারাত্মক অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে শিশু হাসপাতালে অতর্কিত এই পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক।
সহকারী প্রেস সচিব জানান, আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেনায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। সেখানে তাঁকে প্রকাশ্যে ধূমপানরত অবস্থায় পাওয়া যায় এবং তাঁর কক্ষের পরিবেশও অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন ছিল। শিশুদের জন্য নির্ধারিত এমন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এক দায়িত্বশীল চিকিৎসকের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রতিটি হাসপাতালে রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি চিকিৎসকসহ চিকিৎসা পেশায় নিয়োজিত সবাইকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।