চট্টগ্রাম

আগামী ২০ অক্টোবর চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেএম সেন হল পরিদর্শন করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জে এম সেন হল (যাত্রামোহন সেন হল) পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন।

প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর উপলক্ষে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জে অবস্থিত জে এম সেন হল প্রাঙ্গণ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানস্থলের পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং সার্বিক দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন। নিঃসন্দেহে এটি চট্টগ্রামের জন্য গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরটি সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও যুক্ত করেন, “আমি সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। চট্টগ্রামসহ দেশের সব সনাতনী সম্প্রদায়ের মানুষ খুবই খুশি। তার এই সফর ঘিরে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চসিক ও প্রশাসনের সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর বিশেষ জোর দেন মেয়র। পরিদর্শনকালে মেয়রের সাথে সনাতনী সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com