লালদিয়ার চরের উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসনে অর্থমন্ত্রীর সাথে প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামের পতেঙ্গা লালদিয়ার চরের উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের দাবিতে আজ রোববার (৩০ আগস্ট ২০২৬) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সাথে সাক্ষাৎ করেছেন পুনর্বাসন প্রত্যাশী প্রতিনিধিরা।
সাক্ষাৎকালে লালদিয়ার চর পুনর্বাসন প্রত্যাশী মানুষের পক্ষ থেকে কাদের ও নুর হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি চরের ক্ষতিগ্রস্ত ও উচ্ছেদকৃত পরিবারগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে মাননীয় মন্ত্রীর হাতে হস্তান্তর করেন এবং তাঁদের পুনর্বাসনের যৌক্তিক দাবিসমূহ তুলে ধরেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি নুরুল আবছার, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা নাজিম উদ্দিন চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাক্ষাৎ শেষে পুনর্বাসন প্রত্যাশী নেতৃবৃন্দ লালদিয়ার চরবাসীর ন্যায্য দাবি বাস্তবায়নে শুরু থেকেই যারা নিরলসভাবে সহযোগিতা করে আসছেন, বিশেষ করে নাঈম ও তুহিনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ ও উচ্ছেদকৃত বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের শীর্ষপর্যায়ের আশ্বাসে এবং সংশ্লিষ্ট সকলের যৌথ ও আন্তরিক প্রচেষ্টায় লালদিয়া চরবাসীর দীর্ঘদিনের পুনর্বাসনের প্রত্যাশা খুব দ্রুত বাস্তবায়িত হবে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।