সোনা চোরাচালানের অভিযোগে দক্ষিণি সিনেমার অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য নিশ্চিত করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে রানিয়াকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, শরীরের বিভিন্ন অংশ ও পোশাকে লুকিয়ে ১৪.৮ কেজি সোনা বহন করছিলেন তিনি। গত ১৫ দিনের মধ্যে চারবার দুবাই ভ্রমণ করায় তাঁর গতিবিধি সন্দেহজনক হয়ে ওঠে। অভিনেত্রীর স্বামীও তাঁর সঙ্গে দুবাই যেতেন, তবে সেখানে তাঁদের কোনো ব্যবসা বা পারিবারিক সম্পর্ক নেই, যা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে।

গ্রেপ্তারের সময় রানিয়া নিজেকে কর্ণাটক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে বলে দাবি করেন এবং বিমানবন্দরে কাস্টমস চেকিং এড়ানোর চেষ্টা করেন। এর আগে একাধিকবার তিনি একইভাবে সোনা পাচার করেছেন বলেও ধারণা করা হচ্ছে। তবে তিনি একা নাকি একটি বড় চক্রের অংশ, তা তদন্ত করছে ভারতীয় গোয়েন্দারা। পাশাপাশি, সোনা কেনার উৎসও খতিয়ে দেখা হবে।
অভিনেত্রী রানিয়া রাও কর্ণাটকের চিকমাগালুরের বাসিন্দা। চলচ্চিত্রে প্রবেশের আগে তিনি বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা মানিক্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। ২০১৬ সালে তামিল সিনেমা ওয়াঘা এবং ২০১৭ সালে কন্নড় সিনেমা পটাকি-তে অভিনয় করেন, যেখানে তিনি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন।