আফ্রিকার দেশ মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর যুবক আইয়ুব আলী ডালিম।
স্থানীয় সময় শনিবার বিকাল ৩টার দিকে গুরুই মাসিস শহরে মালবাহী একটি ট্রাক দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত ডালিম চাম্বল ইউনিয়নের বাসিন্দা এবং মোজাম্বিকের মুলুম্বু শহরে গত এক দশক ধরে ব্যবসা করছিলেন। মাত্র কয়েকদিন আগে, গত ২১ এপ্রিল তিনি বাংলাদেশ থেকে মোজাম্বিকে ফিরেছিলেন।
জানা যায়, ব্যবসার প্রয়োজনে মালামাল আনতে তিনি গুরুই মাসিস শহরে যান। মালামাল ট্রাকে তুলেও ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খালে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দীর্ঘ তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আইয়ুব আলী ডালিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ মিলান্জি শহরে নেওয়া হয় এবং সেখানকার বাংলাদেশি কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।