চট্টগ্রামে সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং তার ছেলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। আজ দুপুরে নগরীর ২ নম্বর গেট এলাকার চশমা হিলে অবস্থিত নওফেলের বাসভবনে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় বাসা থেকে সাতজনকে আটক করা হয়েছে। তারা নিজেদের গৃহকর্মী ও কর্মচারী হিসেবে পরিচয় দিলেও তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন,
“জুলাই যোদ্ধাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি। তারা নিজেরাও আমাদের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন, তবে আমরা মাত্র দুজনকে অনুমতি দিয়েছি। পুরো ভবন তল্লাশি করা হয়েছে।”
ওসি আরও বলেন, “ওই বাসায় বর্তমানে নওফেল পরিবারের কোনো সদস্য থাকেন না। আমরা যে সাতজনকে পেয়েছি, তাদের যাচাই-বাছাই চলছে। যদি দেখা যায় তারা নিষিদ্ধ ছাত্রলীগ বা ফ্যাসিস্টদের সহযোগী, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত ওই বাড়িটিই ছিল ব্যারিস্টার নওফেলের প্রধান রাজনৈতিক কার্যালয়। আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমও সেখান থেকে পরিচালিত হতো।