Home » আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে র‍্যাবের ঈদ উপহার

আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে র‍্যাবের ঈদ উপহার

0 comments 7 views
A+A-
Reset
আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে র‍্যাবের ঈদ উপহার

দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলকে দস্যুমুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। উপহার বিতরণের পাশাপাশি সাবেক এই জলদস্যুদের বর্তমান জীবনযাপন, কর্মসংস্থান ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভারও আয়োজন করা হয়।

আজ রোববার (২৪ মে) সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকাস্থ ‘এলিট হল’-এ এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‍্যাব মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে সাবেক জলদস্যুদের হাতে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, ২০১৮, ২০২০ এবং ২০২৪ সালে বিভিন্ন মেয়াদে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এবং চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় অঞ্চল থেকে মোট ১২৭ জন জলদস্যু অস্ত্রসহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। অন্ধকার জগৎ ছেড়ে আসা এই মানুষদের ‘আলোর পথের অভিযাত্রী’ আখ্যা দিয়ে সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। তারা যেন পরিবার-পরিজন নিয়ে সমাজে মাথা উঁচু করে সৎ পথে বাঁচতে পারেন, সে জন্য র‍্যাবের পক্ষ থেকে বিভিন্ন সময় আর্থিক অনুদান, গবাদি পশু, সেলাই মেশিন, নৌকা ও মাছ ধরার জালসহ নানা ধরনের প্রণোদনা ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় জলদস্যুতা, ডাকাতি এবং অন্যান্য অপরাধ দমনে এই আত্মসমর্পণ ও পুনর্বাসন কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। একসময়ের ত্রাস সৃষ্টি করা এই দস্যুরা এখন স্বাভাবিক পেশায় নিয়োজিত আছেন। তবে আত্মসমর্পণের পর তারা যেন অভাব বা অন্য কোনো প্ররোচনায় পড়ে পুনরায় অপরাধের অন্ধকার পথে জড়িয়ে না পড়েন, সে জন্য র‍্যাবের পক্ষ থেকে তাদের নিয়মিত তদারকি, খোঁজখবর ও পুনর্বাসন সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

মতবিনিময় সভায় অংশ নিয়ে আত্মসমর্পণ করা সাবেক জলদস্যুরা র‍্যাবের এই মানবিক উদ্যোগে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগাপ্লুত কণ্ঠে তারা বলেন, অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনে ফিরে আসতে র‍্যাবের এই নিয়মিত তদারকি এবং উপহার সামগ্রী তাদের মানসিকভাবে দারুণ অনুপ্রাণিত করছে। সমাজে এখন তারা শান্তিতে বসবাস করছেন এবং পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছেন।

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অপরাধীদের সুপথে ফিরিয়ে আনার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে র‍্যাব কর্তৃপক্ষ।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com