অধিকাংশ সড়ক দুর্ঘটনাই ঘটে থাকে আমাদের অসচেতনতা ও একটু অবহেলার কারণে, যার ফলে অকালেই ঝরে যায় বহু মূল্যবান প্রাণ। অপ্রত্যাশিত এসব দুর্ঘটনা এড়াতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ওসমানের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আবু সুফিয়ান এসব কথা বলেন। ১৯ জুন শুক্রবার বাদ আসর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম ওসমানের স্মৃতিচারণ করতে গিয়ে আবু সুফিয়ান আরও বলেন, “ওসমান ছিলেন একজন কর্মঠ, রাজনৈতিক সচেতন, ত্যাগী ও টগবগে যুবক। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আর এভাবে কোনো প্রাণহানি দেখতে চাই না।”
দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি আবু সুফিয়ান নেতাকর্মীদের সাথে নিয়ে নিহত ওসমানের কবর জিয়ারত করেন। পরে তিনি ওসমানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিজানের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, আমিন মোহাম্মদ, ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল ও ফরিদুল হক লিটন।
এছাড়াও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি সেকান্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, রাজা মিয়া, আব্দুর রহিম, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, খোরশেদুল আলম, বেলাল, মোরশেদুল আলম, ফোরকান, আশরাফ, ইকবাল ও জাহাঙ্গীর আলমসহ বাকলিয়া থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।