১০৪টি বিয়ে: ইতিহাসের সবচেয়ে বড় ‘বহুবিবাহ’ প্রতারকের গল্প!
বিয়ে করে ভালোবাসার ফাঁদ ফেলা, নতুন জীবনের স্বপ্ন দেখিয়ে মালপত্র ট্রাকে তুলে নিয়ে চম্পট দেওয়া—এভাবেই টানা ৩২ বছর ধরে নারী শিকার করে গেছেন বিশ্বের অন্যতম রহস্যময় প্রতারক জিওভানি ভিগ্লিওটো। ১৯৪৯ থেকে ১৯৮১ সালের মধ্যে আমেরিকার ২৭টি অঙ্গরাজ্য এবং বিশ্বজুড়ে আরও ১৪টি দেশে তিনি অন্তত ১০৪টি বহুবিবাহের রেকর্ড গড়েছিলেন, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আজও অক্ষুণ্ণ রয়েছে।
ফ্রেড জিপ কিংবা নিকোলাই পেরুস্কভ নামের ছদ্মনামে পরিচিত এই ব্যক্তি প্রতিবারই একই ফাঁদ পাততেন। নারীদের সাথে সখ্য গড়ার পর তিনি বলতেন, তিনি অনেক দূরে থাকেন এবং তাদেরকে তাঁর সাথে নতুন শহরে গিয়ে সংসার গড়ার প্রস্তাব দিতেন। সরল বিশ্বাসে নারীরা যখন নিজেদের যাবতীয় আসবাবপত্র ও মূল্যবান মালামাল ট্রাকে তুলে দিতেন, ভিগ্লিওটো ট্রাক চালিয়ে হাওয়া হয়ে যেতেন। বলতেন, “পরে ফোন করে ঠিকানা দেবো।” কিন্তু সেই ফোন আর কোনোদিন আসত না। এরপর উধাও হওয়া মালামাল তিনি বিক্রি করে দিতেন বিভিন্ন সস্তা খোলা বাজারে। একের পর এক নারী প্রতারিত হলেও পুলিশের কাছে তাঁর কোনো সুনির্দিষ্ট সূত্র ছিল না।

জিওভানি ভিগ্লিওটো
তবে প্রতারকের চালাকি চিরদিন টিকে থাকে না। ভিগ্লিওটোর ১০৫ নম্বর শিকার এক নারী হার মানেননি। ভিগ্লিওটোর সাথে তাঁর পরিচয় হয়েছিল এক বাজারে। তিনি সিদ্ধান্ত নেন, নিজেই এই প্রতারককে খুঁজে বের করবেন। তিনি একের পর এক বাজার চষে বেড়াতে শুরু করেন। অবশেষে আমেরিকার ফ্লোরিডার এক বাজারে গিয়ে তিনি হাতেনাতে ধরে ফেলেন ভিগ্লিওটোকে, যেখানে সে ওই নারীর আসবাবপত্রই বিক্রি করছিল! তাঁর দেওয়া তথ্যে পুলিশ দ্রুত ভিগ্লিওটোকে গ্রেপ্তার করে।
১৯৮৩ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে এই ভিগ্লিওটোর বিরুদ্ধে ঐতিহাসিক বিচার কাজ শুরু হয়। একই বছরের ১১ এপ্রিল আদালত তাকে জালিয়াতির অপরাধে ২৮ বছর এবং বহুবিবাহের অপরাধে আরও ৬ বছর—সর্বমোট ৩৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। পাশাপাশি তাকে ৩ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়।
পরবর্তীতে কারাগারে থাকা অবস্থায় ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে এই বিশ্বখ্যাত বহুবিবাহকারী প্রতারক মৃত্যুবরণ করেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।