ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে র্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের রামু উপজেলার শিয়াপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২৫) এবং পানেরছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে মো. দূর (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের সাথে থাকা ট্রলি ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে সাড়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।