খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে ১১৭ পিস ইয়াবাসহ হাফেজ আহম্মেদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শগ্রাম মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হাফেজ আহাম্মদ ওই এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে এবং মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের নেতা।
একই দিন গোপন সংবাদের ভিত্তিতে চালানো পৃথক অভিযানে একই এলাকা থেকে আল আমিন (৩২) ও রিয়াদ হোসেন (৩০) নামে আরও দুই মাদকসেবীকে আটক করে যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে আরও সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে আল আমিনকে দুই দিন এবং রিয়াদ হোসেনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আল আমিন গোমতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত খলিলুর রহমানের ছেলে এবং রিয়াদ হোসেন একই এলাকার মৃত মহরম আলীর ছেলে।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আটক আওয়ামী লীগ নেতা হাফেজ আহাম্মদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হবে।