লংমার্চের প্রস্তুতি পরিদর্শনে লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ
গণদাবি আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ
অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ও লংমার্চ-পরবর্তী ঐতিহাসিক লালদিঘী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত সমাবেশের স্থান ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনের লক্ষ্যে আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দান সশরীরে পরিদর্শন করেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি এমদাদুল্লাহ সোহাইল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, এলডিপি চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ, জাগপা চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলালসহ ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরী পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ শাহজাহান বলেন, “৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের মহাসমাবেশ সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ দেশবাসী এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার ছাড়া এই মুহূর্তে অন্য কোনো বিকল্প নেই। জনগণকে উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থাই টেকসই হতে পারে না।”
তিনি আরও যোগ করেন, এটি কেবল কোনো নির্দিষ্ট দলীয় স্বার্থের আন্দোলন নয়; বরং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত গণমানুষের আন্দোলন। সমাবেশকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে তিনি সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ময়দান পরিদর্শনকালে নেতৃবৃন্দ মাঠের মঞ্চ তৈরি, প্রবেশপথ, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাকারী টিমের অবস্থান এবং জনসমাগম ব্যবস্থাপনার বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও সমাবেশ সম্পর্কে বিস্তারিত জানাতে আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় চট্টগ্রাম নগর জামায়াতের কার্যালয় (বিআইএ মিলনায়তনে) ১১ দলীয় ঐক্য চট্টগ্রামের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আহ্বান জানানো হয়েছে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।