সন্দ্বীপে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আজ বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহার মাঝির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে হঠাৎ ঘরের ভেতরে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা যাবতীয় আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র ও নগদ টাকা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
খবর পেয়ে সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
উপকূলীয় এই প্রত্যন্ত এলাকায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।