বিপ্লব উদ্যানে থাকছে ‘ইতিহাস কর্নার’: মেয়র ডা. শাহাদাত হোসেন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নগরীর ২ নম্বর গেটে অবস্থিত ঐতিহাসিক বিপ্লব উদ্যানে একটি বিশেষ ‘ইতিহাস কর্নার’ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানের চলমান নানামুখী উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন শেষে চসিক মেয়র এই সিদ্ধান্তের কথা জানান। চসিকের নেওয়া এই উদ্যোগের মাধ্যমে পার্কটিকে একটি দৃষ্টিনন্দন, আধুনিক ও নাগরিকবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।
পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন চলমান কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে সব উন্নয়নকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা দেন।
সাংবাদিকদের উদ্দেশ্য করে মেয়র ডা. শাহাদাত বলেন,
“বিপ্লব উদ্যানের সঙ্গে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতি জড়িয়ে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানকে এমনভাবে সাজানো হচ্ছে, যাতে নগরবাসী বিনোদনের পাশাপাশি আমাদের জাতীয় ইতিহাস সম্পর্কে জানতে পারে।”
তিনি আরও যুক্ত করেন, “মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এখানে নির্মিতব্য ইতিহাস কর্নারে নতুন প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস, জাতীয় অর্জন এবং দেশের জন্য অবদান রাখা বীরদের কথা বিশদভাবে জানার সুযোগ পাবে।”
বিপ্লব উদ্যানকে শুধু একটি সাধারণ পার্ক নয়, বরং ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক বিনোদনের একটি নান্দনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মেয়র জানান, নগরবাসীর হাঁটার জন্য এখানে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ব্যাপক সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধন করা হবে। চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য উন্মুক্ত স্থানকেও আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশল বিভাগের কর্মকর্তা এবং উন্নয়নকাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।