চকবাজার থানার ফটকেই অবৈধ ভাসমান বাজার!
“আইনশৃঙ্খলা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ জিরো টলারেন্স নীতিতে আপসহীন”—চট্টগ্রাম নগরীর চকবাজার থানা পুলিশের পক্ষ থেকে যখন প্রায়শই এমন বার্তা শোনানো হয়, ঠিক তখন থানার মূল ফটকের ঠিক সামনেই দেখা যাচ্ছে একেবারে বিপরীত চিত্র। চকবাজার থানার প্রধান ফটক লাগোয়া ফুটপাত ও সড়ক দখল করে অনায়াসে গড়ে উঠেছে সারি সারি অবৈধ ভাসমান দোকান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার প্রবেশপথ ঘিরেই বসেছে বেডশিট, থান কাপড়, ফলমূল, শাকসবজি ও নানাবিধ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। ফলে থানা ভবনে সেবা নিতে আসা সাধারণ মানুষ, হেঁটে চলা পথচারী এবং যানবাহন চলাচলে তীব্র ভোগান্তি তৈরি হচ্ছে।
থানার অতি নিকটেই দিনদুপুরে এভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের প্রশ্ন—পুলিশ যেখানে পুরো এলাকার আইনশৃঙ্খলা ও ফুটপাত দখলমুক্ত রাখার দায়িত্বে নিয়োজিত, সেখানে নিজেদের থানার ফটকের নাকের ডগায় এই অবৈধ বাজার কীভাবে গড়ে ওঠে? এটি কি পুলিশের চোখ এড়িয়ে ঘটছে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো অদৃশ্য ‘পাস’?
চকবাজারের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় থানার ফটকের সামনে ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত চলাচলের উপযোগী করতে সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশু দৃষ্টি আকর্ষন করেছেন সাধারণ নগরবাসী।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।