শিক্ষার্থীদের মাঝে আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের কোরআন বিতরণ
চট্টগ্রাম নগরীর তুলাতলী, পূর্ব নাসিরাবাদস্থ ‘মাদ্রাসা-ই আবু হুরায়রা কমপ্লেক্স বায়তুর রিদওয়ান হাফেজিয়া ও ইয়াতিম খানা’র কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন’-এর উদ্যোগে গতকাল (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিনের উদ্বোধনে এবং মাদ্রাসা কমপ্লেক্সের সেক্রেটারি প্রকৌশলী সেলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক ফাউন্ডেশন’ চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরাদুল হাসান মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এ এম নুর হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল কবির বলেন, “বর্তমান প্রযুক্তি ও মেটেরিয়ালিস্টিক যুগে আমাদের কোমলমতি শিশুদের ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় অনুরাগী করে তোলা সময়ের সুনির্দিষ্ট দাবি। নৈতিকতাহীন শিক্ষা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর কোরআনের শিক্ষা মানুষকে আলোর পথ দেখায়।”
প্রধান বক্তা মোহাম্মদ আব্দুস সবুর তাঁর বক্তব্যে বলেন, “পবিত্র কোরআন সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। শৈশব থেকেই যদি সন্তানদের কোরআনিক চেতনায় শিক্ষিত করা যায়, তবে তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আদর্শ ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
উদ্বোধকের বক্তব্যে আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করা এবং প্রতিটি ঘরে ঘরে পবিত্র কোরআনের আলো পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। একটি শান্তিময়, মানবিক ও অপরাধমুক্ত সমাজ গঠনে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। সামাজিক উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারে আমাদের এ ধরনের আলোকবর্তিকাসম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।