চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় খালে পড়ে মাদরাসাছাত্রের করুণ মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাইকেল চালাতে গিয়ে রাজখালী খালে পড়ে মো. মিনহাজ (১২) নামের এক মাদরাসাছাত্রের সলিলসমাধি ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। সে স্থানীয় ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনদিন আগে মাদরাসা থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়িতে নিয়ে যান তার মা। শনিবার সকাল ১১টার দিকে তার পুনরায় মাদরাসায় ফিরে যাওয়ার কথা ছিল। তবে সকালে মাদরাসায় ফেরার আগে বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে ঘুরতে বের হয় সে। একপর্যায়ে নিজের সাইকেল বাড়িতে রেখে বন্ধুর সাইকেলের পেছনে চড়ে ঘুরে বেড়ানোর সময় রাজখালী খালের পাড়ে অসাবধানতাবশত সাইকেল থেকে সোজা খালে পড়ে যায় মিনহাজ। সাথে থাকা বন্ধু পেছনে ফিরে তাকে পানিতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির উদ্দিন জানান, “সাইকেল চালানোর সময় অসাবধানতাবশত খালে পড়ে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com