তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে প্রশাসনিক ও সাংস্কৃতিক পরিবর্তন জরুরি
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে নগরীর আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ প্রাঙ্গণে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, “তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান থাকলেও মানুষের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আনা জরুরি। সরকারি দপ্তরগুলোকে আরও জনবান্ধব ও সেবামুখী হতে হবে এবং তথ্যকে কোনো নির্দিষ্ট দপ্তর বা ব্যক্তির নিজস্ব সম্পত্তি মনে না করে জনগণের প্রাপ্য সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।”
তথ্য ব্যবস্থাপনার আধুনিক চ্যালেঞ্জগুলো তুলে ধরে তিনি আরও বলেন, “বর্তমানে মিসইনফরমেশন (ভুল তথ্য), ডিসইনফরমেশন (অপতথ্য) ও ডিপফেকের মতো প্রযুক্তিগত বিষয়গুলো তথ্য পরিচালনায় নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। সঠিক ও সঠিক সময়ে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গেলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা অনেকটাই সহজ হয়ে যাবে।” তরুণ প্রজন্মকে প্রশাসনিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে এবং তথ্য অফিসার জিএম সাইফুল ইসলামের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি কল্যাণ বোর্ডের পরিচালক মো. নিজাম উদ্দিন, চট্টগ্রাম নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ও নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী এবং বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের উপ-প্রধান বিস্ফোরক পরিদর্শক ড. মো. আসাদুল ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।