নিখোঁজ দুই শিক্ষার্থী কক্সবাজারের হোটেলে উদ্ধার!
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া দুই কিশোরী শিক্ষার্থীকে দীর্ঘ ৬ দিন পর কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে কক্সবাজারের গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে খবরটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।
উদ্ধারকৃতরা হলো— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি এবং যুগিরকান্দি গ্রামের তানিসা আক্তার। তারা উভয়ই স্থানীয় কাশিনগর আল আমিন মহিলা মাদ্রাসার ছাত্রী।
পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে ওই দুই কিশোরী বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়। তবে দিন গড়িয়ে সন্ধ্যা নামলেও তারা আর বাড়িতে ফিরে আসেনি এবং মাদ্রাসাতেও পৌঁছায়নি। স্বজনরা সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর প্রত্যক্ষ নির্দেশনায় চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অনুসন্ধান শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সাইবার ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধারকারী দল নিশ্চিত হয় যে নিখোঁজ দুই ছাত্রী কক্সবাজারে অবস্থান করছে।
পরবর্তীতে কক্সবাজার জেলা ডিবি পুলিশের সহায়তায় সৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানিয়েছে— পরিবারের স্বজনদের সাথে অভিমান করেই তারা স্বেচ্ছায় ঘর ছেড়ে কক্সবাজারে চলে এসেছিল।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোছাইন জানান, উদ্ধারকৃত দুই ছাত্রীকে আইনি প্রক্রিয়া শেষে নিরাপদে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হচ্ছে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।