পটিয়ায় ১৫০ শয্যার মডেল হাসপাতাল করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর জনগোষ্ঠীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক মডেল হাসপাতালে উন্নীত করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এসে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখেন। তিনি ভর্তি থাকা রোগীদের সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন এবং হাসপাতালের বায়োমেডিক্যাল ব্যবস্থাপনা, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ততা এবং রোগীদের খাবার পরিবেশনের মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার বর্তমানে সারাদেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে। তবে পটিয়ার বিশেষ ভৌগোলিক গুরুত্ব ও রোগীর অতিরিক্ত চাপের কথা বিবেচনা করে হাসপাতালটিকে অতি দ্রুত ১৫০ শয্যায় উন্নীত করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় আমি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তব অবস্থা দেখতে এসেছি। পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের রোগীদের দুর্ভোগ লাঘবে আপাতত জরুরি ভিত্তিতে হাসপাতালে বেশ কিছু অতিরিক্ত শয্যার ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি ভর্তি হওয়া রোগীদের রক্তের যাবতীয় পরীক্ষা হাসপাতালেই সম্পন্ন নিশ্চিত করতে এবং খাবারের গুণগত মান বাড়ানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”
পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে জানান, পটিয়া উপজেলার প্রায় সাত লাখ মানুষের পাশাপাশি পাশ্ববর্তী বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার আরও প্রায় চার লাখ মানুষ এই হাসপাতালের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন এবং ১০০ থেকে ১৫০ জন রোগী নতুন করে ভর্তি হন। দীর্ঘদিন ধরে শয্যা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসাসেবা সচল রাখা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম বলেন, “পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক আধুনিকায়নে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যমন্ত্রী স্বশরীরে এসে এটিকে একটি মডেল ও আধুনিক হাসপাতালে রূপান্তরের যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রামের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের চিকিৎসা সংকট দূর হবে।”
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ড. সাজেদুর রহমান এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ আবু তৈয়বসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।