চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ চিকিৎসা পর্যটন সম্মেলন
বন্দরনগরী চট্টগ্রামে চিকিৎসা পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতের আমূল পরিবর্তন এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর ২০২৬, দ্য পেনিনসুলা চট্টগ্রামে আগের বছরের ধারাবাহিকতায় আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রামের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা বিষয়ক সম্মেলন ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল – এমভিটি সামিট ২০২৬’।
এই সামিটের সার্বিক গুরুত্ব, বিস্তারিত কর্মপরিকল্পনা এবং মূল রূপরেখা গণমাধ্যমকর্মীদের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে আজ রবিবার (৪ অক্টোবর ২০২৬) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নগরীর জিইসি মোড়ে অবস্থিত ‘দ্য প্যাভিলিয়ন’ রেস্টুরেন্টে দুপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ)-এর সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু, সহ-সভাপতি নুরুল আনোয়ার জীবন, সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) দাঊদ আরমান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিক এবং সহ-সাধারণ সম্পাদক ওমর শরীফ।
সিএমটিএফ-এর উদ্যোগে আয়োজিত এই মেগা সামিটের মূল লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর করা, পেশাগত দক্ষতা বিনিময় এবং আন্তর্জাতিক হাসপাতাল ও বিশেষজ্ঞদের সাথে আঞ্চলিক স্বাস্থ্য খাতের মেলবন্ধন ঘটানো।
সংবাদ সম্মেলনে সিএমটিএফ নেতৃবৃন্দ জানান, চট্টগ্রাম অঞ্চল থেকে প্রতি বছর বিপুল সংখ্যক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশ-বিদেশের বিভিন্ন কেন্দ্রে গমন করেন। এই সামিটের মাধ্যমে দেশি-বিদেশি প্রখ্যাত হাসপাতাল, চিকিৎসক ও বিশেষজ্ঞ সংগঠনগুলোর সাথে সরাসরি যোগাযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হবে। ফলে স্থানীয় চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নের পাশাপাশি রোগীদের জন্য আন্তর্জাতিকমানের সেবা প্রাপ্তি আরও সহজ ও স্বচ্ছ হবে।
আয়োজকরা আরও জানান, ১৪ নভেম্বরের এমভিটি সামিটে বাংলাদেশ, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া ও ভারতসহ বিশ্বজুড়ে একাধিক দেশের প্রখ্যাত হাসপাতালের প্রতিনিধি, স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা ও চিকিৎসা বিশেষজ্ঞরা সরাসরি অংশ নেবেন। দিনব্যাপী এই সামিটে বিটুবি (B2B) মিটিং, নীতি-নির্ধারণী প্যানেল আলোচনা এবং আধুনিক স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে, যা চট্টগ্রামের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পর্যটন খাতে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।
সাধারণ দর্শনার্থী ও চিকিৎসা প্রত্যাশীদের জন্য সামিটে অংশগ্রহণে কোনো প্রবেশ বা রেজিস্ট্রেশন ফি রাখা হয়নি বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।