পতেঙ্গায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এসএওসিএল শ্রমিকদের
বিপিসির জিএমের অপসারণ দাবি
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (অর্থ) মোরশেদ হোসাইন আজাদকে অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে তাঁর অপসারণের দাবিতে আমরণ অনশন ও বিপিসি কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা। একই সাথে তাঁর বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে।
আজ রবিবার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এসএওসিএলের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক বৃহৎ বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা এসব হুঁশিয়ারি ও নতুন কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশে এসএওসিএল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. কায়সার হামিদ বিপিসির এই উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক বয়স জালিয়াতি, ভুয়া অভিজ্ঞতা সনদ এবং পদ দখলের গুরুতর অভিযোগ তোলেন। কায়সার হামিদ অভিযোগ করে বলেন, “চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন আজাদ ২০০৯ সালে সনদ জালিয়াতির মাধ্যমে বিপিসিতে চাকরি নেন। ক্ষমতার অপব্যবহার করে দ্রুত পদোন্নতি বাগিয়ে নিয়ে পরবর্তীতে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। পূর্ববর্তী সরকারের আমলে তেল আমদানির এলসি উন্মোচন, ব্যাংক থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণ এবং বেসরকারি রিফাইনারি থেকে অবৈধ অর্থ আদায়েও তিনি সরাসরি জড়িত ছিলেন।”
বিপিসির জিএমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী সরকারের আমলেও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে এসএওসিএল সভাপতি আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরে আমদানিকৃত তেলের এলসি মূল্য পরিশোধে ডলারের দর হেরফেরের মাধ্যমে তিনি সরকারের অন্তত ৩৬৩ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন। পাশাপাশি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ডিপোসমূহ থেকে নিয়মিত অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ আনেন তিনি।
এসএওসিএলের সাবেক প্রধান নির্বাহী হিসেবে মোরশেদ হোসাইন আজাদের ভূমিকার সমালোচনা করে কায়সার হামিদ ঘোষণা দেন, “তিনি দায়িত্ব পালনকালে এসএওসিএলকে আর্থিকভাবে পঙ্গু করেছেন। এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে কোনোভাবেই আর এসএওসিএল বা বিপিসিতে ঢুকতে দেওয়া হবে না। অবিলম্বে তাঁকে অপসারণ না করা হলে কর্মবিরতি, বিপিসি কার্যালয় ঘেরাও এবং আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে।”
এসএওসিএল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. শাহজাহান, অর্থ সম্পাদক কামরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক মো. মহিন উদ্দিনসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।