চট্টগ্রামে ‘দ্যা কালার হুইল আর্ট স্কুল’-এর চিত্র প্রদর্শনী উদ্বোধন ও সনদ বিতরণ
চট্টগ্রামে ‘দ্যা কালার হুইল আর্ট স্কুল’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিত্র প্রদর্শনী উদ্বোধন এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নুরুল আফসার খালেদের সাবলীল সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষক ও প্রখ্যাত শিল্পী সাইফুদ্দিন সাইফু, কল্লোল একাউন্টিং অ্যাভ্যালুয়েশনের পরিচালক কল্লোল চক্রবর্ত্তী, বিশিষ্ট শিশুসাহিত্যিক, ছড়াকার ও রবীন্দ্রসংগীত শিল্পী কেশব জিপসি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন কম্পিউটার ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর জয়ী বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন দ্যা কালার হুইল আর্ট স্কুলের পরিচালক অপু চক্রবর্ত্তী। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও নগরীর বহু শিল্পানুরাগী উপস্থিত ছিলেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আকর্ষণীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের বিমোহিত করে। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক মেধা গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উদ্বোধনী আয়োজন শেষে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিল্পচর্চা অব্যাহত রাখতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ ও শুভকামনা জানান।
এবারের প্রদর্শনীতে শিক্ষার্থীদের আঁকা মোট ৯৩টি বৈচিত্র্যময় শিল্পকর্ম স্থান পেয়েছে। যেখানে বিভিন্ন বয়সের উদীয়মান শিশু শিল্পীদের কল্পনা শক্তি, অনন্য সৃজনশীলতা ও চিত্রকলার প্রতি ভালোবাসার উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে।
দ্যা কালার হুইল আর্ট স্কুলের পরিচালক অপু চক্রবর্ত্তী বলেন, “শিশু-কিশোরদের মধ্যে চিত্রকলার প্রতি অনুরাগ সৃষ্টি, তাদের ভেতরের সৃজনশীলতা ফুটিয়ে তোলা এবং একটি মানসম্মত প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।”
উল্লেখ্য, ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই চিত্র প্রদর্শনীটি ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সর্বসাধারণ ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত ছিল।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।