পর্যটন

যাত্রা শুরু করল দ্বিভাষিক ডিজিটাল মিডিয়া ‘বাংলাদেশ ট্রাভেলার’

পর্যটন শিল্পের পেশাজীবী ও সহকর্মীদের উপস্থিতিতে এক জমকালো সফট লঞ্চের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশভিত্তিক স্বাধীন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ ট্রাভেলার’। “পর্যটনের উন্নয়নে অঙ্গীকার, পর্যটন শিল্পের কণ্ঠস্বর”—এই মূল প্রতিপাদ্য ও প্রত্যয় নিয়ে প্ল্যাটফর্মটি ভ্রমণপ্রেমী মানুষ এবং পর্যটন খাতের সংশ্লিষ্টদের জন্য একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে ওঠার লক্ষ্য ঘোষণা করেছে।

আজ (১১ নভেম্বর, ২০২৬) বুধবার বিকেল ৫টায় রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি—দুই ভাষায় প্রকাশিত এই প্ল্যাটফর্মটির সূচনা হয়।

লঞ্চিং সেশনটি সমন্বয় করেন মো. আসলাম হোসেন। এতে বাংলাদেশ ট্রাভেলারের ভিশন, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন আসিফ আহনাফ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জাহাঙ্গীর আলম শোভন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সাবেক পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) মো. ইউনুস এবং খন্দকার ট্রাভেলের সিইও কৃষিবিদ ড. খন্দকার হেলাল উদ্দিনসহ পর্যটন খাতের বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্ব। উপস্থাপনা ও আলোচনা শেষে কেক কেটে নতুন এই যাত্রার উদযাপন করা হয়।

তিনটি মূল শূন্যতা পূরণের অঙ্গীকার:

উপস্থাপনায় জানানো হয়, দেশের পর্যটন খাতে গল্পের অভাব না থাকলেও তথ্য যাচাইকৃত ও নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মের ঘাটতি রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো অগণিত তথ্যের মধ্যে সঠিক তথ্যটি খুঁজে নেওয়া কঠিন। পাশাপাশি হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও উদ্যোক্তাদের নিয়মিত খবর প্রকাশের মতো নির্দিষ্ট স্থান এবং ভ্রমণ লেখক, আলোকচিত্রী ও ভ্লগারদের কাজের জন্য পেশাদার মঞ্চের অভাব রয়েছে। বাংলাদেশ ট্রাভেলার মূলত এই তিনটি শূন্যতা পূরণেই কাজ করবে।

পাঁচটি প্রোডাক্ট ও ১৮ মাসের সুনির্দিষ্ট রোডম্যাপ:

প্ল্যাটফর্মটি সাধারণ ভ্রমণপ্রেমীদের পাশাপাশি পর্যটন খাতের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকদের কাছে পৌঁছাতে পাঁচটি বিশেষ প্রোডাক্ট নিয়ে এগোচ্ছে:

১. প্রতিদিনের ব্লগ ও গাইড নিয়ে ‘দ্য ফিড’

২. সেরা লেখাসমূহ নিয়ে ‘ডিজিটাল ম্যাগাজিন’

৩. কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘লেখক নেটওয়ার্ক’

৪. খাতের খবর, নীতি ও চাকরির তথ্য সমৃদ্ধ ‘ইন্ডাস্ট্রি ডেস্ক’

৫. আলোচনা ও সম্মাননা নিয়ে ‘ইভেন্ট ও অ্যাওয়ার্ড’

সূচনালগ্নে ‘ফিড’ ও ‘লেখক নেটওয়ার্ক’ চালু হলেও আগামী ১৮ মাসে চার ধাপে প্ল্যাটফর্মটি পূর্ণাঙ্গ ম্যাগাজিন, চাকরি বার্তা, ভিডিও সিরিজ ও বার্ষিক পর্যটন সম্মাননার দিকে নিয়ে যাওয়া হবে।

লেখকবান্ধব নীতি ও কন্টেন্ট জমা দেওয়ার সুযোগ:

বাংলাদেশ ট্রাভেলারে নিবন্ধিত লেখকরা নিজস্ব প্রোফাইল তৈরি করে লেখা ও ছবি জমা দিতে পারবেন। সম্পাদকীয় যাচাই শেষে লেখা প্রকাশিত হবে এবং লেখকদের জন্য ফিচার্ড রাইটার, ডেস্টিনেশন এক্সপার্ট ও বর্ষসেরা ভ্রমণ লেখকের স্বীকৃতি থাকবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, প্রকাশিত লেখার কপিরাইট সম্পূর্ণভাবে লেখকেরই থাকবে।

আজ থেকেই প্ল্যাটফর্মটির অফিশিয়াল ওয়েবসাইট (bangladeshtraveller.com অথবা traveller.bd) এবং ফেসবুক পেজ (facebook.com/travellerdotbd) সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ভ্রমণপ্রেমীরা সাইটটিতে যুক্ত হয়ে নিজ ছবি দিয়ে তৈরি শুভেচ্ছা ফ্রেমও (bangladeshtraveller.com/frame) শেয়ার করতে পারছেন। ভ্রমণ সম্পর্কিত লেখা, ছবি কিংবা ব্যবসায়িক সংবাদ পাঠাতে hello@bangladeshtraveller.com ঠিকানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com