চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, “এই শহর ৭০ লক্ষ মানুষের শহর। নগরের পরিচ্ছন্নতা, যানজট, এবং প্লাস্টিক বর্জ্য সমস্যার সমাধানে সিটি করপোরেশন ও নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে। ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ভোক্তাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসেবে নাগরিক সমস্যাগুলো সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা নগরবাসীর আস্থা বাড়িয়েছে।”
বৃহস্পতিবার টাইগারপাস সিটি করপোরেশন মিলনায়তনে ক্যাব চট্টগ্রাম নগর ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় তিনি ক্যাবের ১৬ দফা দাবিগুলো বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভা
সভায় ক্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনসহ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের ক্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র জানান, ক্যাবের পক্ষ থেকে নগরীর ১৭টি বাজার পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে করণীয় প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ তিনি গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। ফুটপাতের হকার্স এবং ভাসমান বিক্রেতাদের কারণে সৃষ্ট যানজট নিরসনে জনমত তৈরি এবং চাঁদাবাজি রোধে কঠোর অবস্থান গ্রহণের আশ্বাস দেন।
সিটি করপোরেশনের উদ্যোগ
মেয়র জানান, নগরীর নালা-নর্দমা পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, এবং হকার্স নিয়ন্ত্রণে সিটি করপোরেশন কার্যক্রম জোরদার করছে। এছাড়া, প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, সিটি করপোরেশনের সেবায় কোনো নাগরিক ভোগান্তি পেলে সরাসরি তাকে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় অন্যায় ও অনিয়ম বন্ধ করার পাশাপাশি সমাজে নৈতিকতা ও শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করা হবে।