“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশের প্রবাসী ও অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর) দূতাবাস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মিশন প্রধান মোহাম্মদ মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মিসেস লুৎফন নাহার নাজিম।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রবাসীদের মানোন্নয়ন নিয়ে মুক্ত আলোচনা, কৃতি প্রবাসীদের সম্মাননা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজন করা হয়। প্রবাসী শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও সংগীত অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ হয়ে ওঠে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে শ্রম কল্যাণ কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন প্রবাসীদের মূল্যবান পরামর্শ আহ্বান করেন। বক্তব্য দেন বিভিন্ন প্রবাসী ব্যবসায়ী ও প্রকৌশলী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, প্রকৌশলী মিজানুর রহমান সোহেলসহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী।
সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব। রেমিটেন্স প্রেরণে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের অনন্য ভূমিকা বাংলাদেশের উন্নয়নে বিশাল অবদান রাখছে।” তিনি প্রবাসীদের সেবার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।
সূত্র: চাটগাঁ নিউজ