আগামী ৩১ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নগরবাসীর শান্তিপূর্ণ ও নিরাপদ নববর্ষ উদযাপন নিশ্চিত করতে সিএমপি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন, গীর্জা, হোটেল, ক্লাব ও বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সিএমপি সম্মানিত নাগরিকদের জন্য নিম্নলিখিত নির্দেশনা দিয়েছে:
সিএমপির নির্দেশনাসমূহ
- রাস্তা, ফ্লাইওভার বা ভবনের ছাদে জমায়েত বা প্রকাশ্যে কোনো উৎসব আয়োজন করা যাবে না।
- উন্মুক্ত স্থানে নববর্ষ উপলক্ষে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশ বা নাচ-গান করা নিষেধ।
- আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
- ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা ও পারকি সি-বিচ এলাকায় অবস্থান করা যাবে না।
- সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্সকৃত বার ও মদের দোকান বন্ধ রাখতে হবে।
- উচ্চস্বরে হর্ন বাজানো এবং বেপরোয়া গাড়ি বা মোটরবাইক চালানো নিষেধ।
- আনন্দ উদযাপনে সামাজিক শালীনতা বজায় রাখা এবং আমাদের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা।
- মাদক সেবন থেকে বিরত থাকতে হবে; মাদকাসক্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা এবং তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন নিশ্চিত করতে হবে।
- নৈতিকতা বিরোধী ও বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।
- হোটেলে ডিজে পার্টির নামে কক্ষ ভাড়া দেওয়া যাবে না।
- শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কার্যক্রম পরিহার করতে হবে।
ট্রাফিক নির্দেশনা
কর্ণফুলী টানেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চস্বরে হর্ন বাজানো এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানো যাবে না।
জরুরি যোগাযোগ
কোনো ধরনের দুর্ঘটনা বা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সিএমপি কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে অনুরোধ করা হয়েছে।
সিএমপি কন্ট্রোল রুম নম্বর:
০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮