২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শহীদ মোঃ রিয়াজের স্মৃতিকে অমর করে রাখতে বরিশালের হিজলায় লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করেছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
গতকাল রোববার (১৯ জানুয়ারি) সকালে গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষের চর লঞ্চ ঘাটে শহীদ রিয়াজের নামে পন্টুন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, বরিশাল নৌ-পুলিশ সুপার এস এম নাজমুল হক, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
রিয়াজের আত্মত্যাগ স্মরণ
পন্টুন উদ্বোধনের পর উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন শহীদ রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে যান। সেখানে তিনি রিয়াজের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন, তাদের সান্ত্বনা দেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপদেষ্টা রিয়াজের কবর জিয়ারত করে তার আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি বলেন,
“শহীদ রিয়াজের মতো সাহসী তরুণরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা। তার আত্মত্যাগ আমাদের বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে সংগ্রামে পথ দেখাবে।”
রিয়াজের সংগ্রামী জীবন
বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ছেলে রিয়াজ ছিলেন বরিশাল মুলাদী ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালে মাথায় গুলিবিদ্ধ হন। দীর্ঘ চিকিৎসার পর ১৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।