পাকিস্তানের কাসিম বন্দর থেকে আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ। আজ (বুধবার) বন্দরের জেটিতে ভেড়ানো হয়েছে ‘এমভি সিবি’ নামের এ জাহাজটি।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পাকিস্তান থেকে সরকারি চুক্তির (জিটুজি) ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এর প্রথম চালান এসেছে ‘এমভি সিবি’ জাহাজে, শিগগিরই বাকি চালানও চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
শিপিং ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। তবে সরকারি চুক্তির আওতায় গত দেড় দশকের মধ্যে এটিই প্রথম চালবাহী জাহাজ। যদিও বেসরকারি পর্যায়ে নিয়মিতভাবে দেশটি থেকে চাল আমদানি হচ্ছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সরাসরি কনটেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, পাকিস্তানের কাসিম বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, এরপর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে চাল খালাস শুরু হবে।