বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করবেন। কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই অধিবেশনে তিনি তার বিশ্বপরিচিত ‘তিন শূন্য’ তত্ত্ব নিয়ে আলোচনা করবেন। বক্তৃতার শিরোনাম হচ্ছে—“তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব”।
এই তত্ত্বের মাধ্যমে ড. ইউনূস বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য নিরসন ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই সমাধানের ধারণা তুলে ধরবেন। তার মতে, শূন্য কার্বন নির্গমন, সম্পদের ন্যায্য বণ্টন এবং সর্বজনীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হলে পৃথিবী একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক সমাজে রূপ নিতে পারে।
আরো পড়ুন: প্রফেসর ইউনুসের ‘থ্রি জিরো’: এক নতুন পৃথিবীর স্বপ্ন
এছাড়া, চারদিনের কাতার সফরের শেষ দিনে ড. ইউনূস দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ অংশ নেবেন।