চট্টগ্রামের লোহাগাড়াস্থ ঐতিহাসিক সীরত ময়দান শাহ্ মঞ্জিল চুনতীতে হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহ. আ.) শাহ্ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) আয়োজনের সকল প্রস্তুতি ও তারিখ ঘোষণা করা হয়েছে। ১৯৭২ সালে (১৩৯২ হিজরি) সূচিত হওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বার্ষিক মাহফিল আগামী ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ১০ ভাদ্র ১৪৩৩ বাংলা) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
দীর্ঘ ১৯ দিন ব্যাপী পরিচালিত এই মাহফিল আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ (২৯ রবিউল আউয়াল, ২৮ ভাদ্র) শনিবার দিবাগত রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন এতে সম্মানিত ওয়ায়েজীন হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর উপস্থাপন করবেন।
এছাড়া চুনতী শাহ্ মঞ্জিল থেকে বছরব্যাপী অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানসমূহের সময়সূচি ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১০ মহররম পবিত্র ইওমে আশুরা, ২৩ সফর হযরত শাহ্ সাহেব কেবলার (রাহ. আ.) পবিত্র ইছালে ছওয়াব মাহফিল, ১০ রবিউস সানি দিবাগত রাতে পবিত্র ফাতেহা-য়ে ইয়াজদাহুম, ১৪ রবিউস সানি হযরত শাহ্ জামাল আহমদ (রা.)-এর ইছালে ছওয়াব মাহফিল, ২৬ রজব দিবাগত রাতে পবিত্র মাহফিলে মে’রাজুন্নবী (সা.) এবং ১৪ শাবান দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত উদযাপন।
প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের বিভিন্ন স্থান থেকে লাখো ধর্মপ্রাণ পুণ্যার্থীর এই ঐতিহাসিক সীরত ময়দানে আগমন ঘটবে বলে আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে।