বাংলাদেশ

পরশুরাম সীমান্তে বিজিবির কড়া বাঁধায় ব্যর্থ বিএসএফ

৭ ভারতীয়কে পুশইনের চেষ্টা

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের মুখে তাদের সেই অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) ভোরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ৬ জন নারী ও ১ জন ছেলেশিশিসহ মোট ৭ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত কৌশলগত অবস্থান নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির এমন সুদৃঢ় ও অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই সাত ভারতীয় নাগরিককে নিয়ে পুনরায় নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়। বিজিবির প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, পুশইনের শিকার হতে যাওয়া সকলেই ভারতের নাগরিক এবং তাদের কাউকেই বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, বিএসএফের জোরপূর্বক পুশইনের চেষ্টা বিজিবি সফলভাবে প্রতিহত করেছে। তিনি আরও স্পষ্ট করেন যে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো চক্রান্ত রুখে দিতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বর্তমানে নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করেই বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com