জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো “শ্রাবণের লাল দুপুরে দ্রোহের মিনার” শীর্ষক এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ আয়োজনে গান, নাটক, কাওয়ালীসহ নানা পরিবেশনা দর্শক-শ্রোতাদের আবেগে আপ্লুত করে।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জনাব মাইমুনুল ইসলাম মামুন। তিনি শহীদদের আত্মত্যাগ, সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা এবং প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার অপরিহার্যতার কথা তুলে ধরেন।
পরিবেশনা পর্বে ছিল দ্রোহের গান, জাগরণী সংগীত, কৌতুক, কাওয়ালী, এবং বিশেষ আকর্ষণ হিসেবে বিশিষ্ট নাট্য নির্দেশক ও মূকাভিনেতা জনাব হোসনে মুরাদ তারিফ রচিত ও পরিচালিত মঞ্চ নাটিকা “রক্তের খামে জুলাই”, যা চট্টগ্রামের জুলাই শহীদ ওমর ফারুককে কেন্দ্র করে রচিত। নাটকটি দর্শক-শ্রোতাদের আবেগে আপ্লুত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর নির্বাহী পরিচালক জনাব এইচ এম আবু মূসা, গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ডা. এ. কে. এম. ফজলুল হক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পারাবারের চেয়ারম্যান জনাব ইব্রাহীম হোসেন রনি।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান বলেন, সংস্কৃতি কেবল বিনোদনের উপকরণ নয়; এটি সমাজ পরিবর্তনের একটি কার্যকর হাতিয়ার। তিনি ন্যায়, স্বাধীনতা ও মানবতার বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।