Home » তোমরা দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না: এনসিপি নেতা

তোমরা দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না: এনসিপি নেতা

কথোপকথনের অডিও ফাঁস

0 comments 117 views
A+A-
Reset
তোমরা দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না: এনসিপি নেতা

চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নিজাম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ভিডিওতে নিজাম উদ্দিনকে আন্দোলন বন্ধের বিনিময়ে টাকা চাইতে শোনা যায়।

এর আগে গত ৫ জুলাই এক নারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে নিজাম উদ্দিন তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। সে সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলেও পরে পুনর্বহাল করা হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামে একজন মেসেঞ্জারে কলের মাধ্যমে নিজাম উদ্দিনের সঙ্গে কথা বলছেন। এই কল অন্য একটি ফোনে ভিডিও করা হয়। কথোপকথনে আফতাব প্রশ্ন করেন, “যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে, তখন কী করবো?” জবাবে নিজাম উদ্দিন বলেন, “আন্দোলন বন্ধ করাবো। তোমারে দিছে, টাকা দিছে?” আফতাব ‘হ্যাঁ’ বলে জবাব দেন।

পরে কত টাকা দেওয়া হয়েছে জানতে চাইলে আফতাব জানান, “পাঁচ”। এ সময় নিজাম উদ্দিন বলেন, “আরও বেশি নিতা প্রেশার দিয়ে… তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।” দলীয় সূত্রে জানা যায়, আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক।

ভিডিওটি ফেসবুকে আপলোড করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তিনি পোস্টে লেখেন, “সাইফ পাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।”

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ‘বন্দর রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন, এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদের নেতৃত্বে, নগরের কাস্টমস মোড়ে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইস্যুতে মিছিল ও সমাবেশ করেছিল।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com