Home » এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী: নাসির উদ্দিন পাটোয়ারী

এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী: নাসির উদ্দিন পাটোয়ারী

0 comments 85 views
A+A-
Reset
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, এনসিপি শাপলা প্রতীক পাবে, এ ব্যাপারে আমরা আশাবাদী। তিনি আরো বলেন, শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘শাপলা প্রতীকের ব্যাপারে আজ সিইসির সঙ্গে মিটিং হয়েছে। আশা করি আমরা ভালো খবর আমরা পাব। শাপলা ইনশাআল্লাহ এনসিপি পাবে। আজকের মিটিং থেকে মনে হয়েছে এ ব্যাপারে আমরা আশাবাদী। শাপলা প্রতীক তালিকাভুক্ত না করা বা না দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো আইনি প্রতিবন্ধকতা দেখি না।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘বৈঠকে আমরা ১৮ বছরে যে ভোটাধিকারের বয়স এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলেছি। বৈঠকে আমরা উনাদের প্রশ্ন করেছি যে, শাপলা প্রতীক প্রশ্নে যদি না দিতে চান সেক্ষেত্রে আপনাদের ব্যাখ্যা কী? প্রায় দুই ঘণ্টা উনারা নিশ্চুপ ছিলেন। কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমরা তাদের বলেছি— যদি শাপলা না দিতে চান সেই ব্যাখ্যা দিতে হবে। যেহেতু উনি (সিইসি) সাংবিধানিক প্রতিষ্ঠানে আছেন।’

তিনি আরো বলেন, সুতরাং আমাদের শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাব। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি উনাদেরকে। উনারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। উত্তর দিতে পারেননি। আমরা ধরে নিব উনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন। শাপলার ক্ষেত্রে আমরা অনড় আছি, অনড় থাকবো। কারণ, এটা আমাদের অধিকার। এটা আপনাদের মাধ্যমে একটা বিষয় আমরা জানাতে চাই যে, আইনি প্রতিবন্ধকতা নাই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই। কোথাও প্রতিবন্ধকতা নাই। তাহলে এটা করতে সমস্যা কোথায়?

তিনি আরো বলেন, ‘আমরা উনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয়, সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন মানবে না।’

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘শাপলা যদি না পাই বা আমাদেরকে যদি না দেওয়া হয়, তাহলে শাপলা পাওয়ার জন্য আমরা গণতান্ত্রিকভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের নিবন্ধনটা শাপলা প্রতীকের মাধ্যমে হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।’

সিইসি’র সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এছাড়া ইসি সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদও বৈঠকে অংশ নেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ৩১ অক্টোবরের মধ্যে যাদের ১৮ বছর হবে তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে ইসি সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা ভোটের দিন যাদের বয়স ১৮ হবে তারা যেন ভোট দিতে পারে সেই সুযোগ রাখার কথা বলেছি।

যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা সিইসির কাছে জানতে চেয়েছি প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য অ্যাপ চালু করতে দেরি কেন হচ্ছে। সিইসি জানিয়েছেন, আগামী নভেম্বর মাসে এই অ্যাপ চালু হবে।

আজ বিকেল ৩টা ৪০ মিনিটে সিইসি’র সঙ্গে তার দপ্তরে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেন।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের ১১৫টা প্রতীকের যে তালিকা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে, সংরক্ষিত প্রতীক যেটা আছে, সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?

ইসি সচিব বলেন, ‘প্রতীকের যে তালিকা সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন উনাদেরকেই (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। সেটার জন্য অপেক্ষা করতে হবে বা সেটা আমরা জানাবো। উনারা (এনসিপি) এটা জানেন যে, এটা (শাপলা) নেই। এখন নিষ্পত্তি হবে দু’জনের সম্মতিতে। আমরা আশা করছি, একটা সম্মতি উনাদেরই দিতে হবে।’

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com