অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট খুঁজছেন—এমন মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর এই বক্তব্য ঘিরে ইতোমধ্যে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
৪ অক্টোবর দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন,
“উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের চিন্তা করছেন।”
তাঁর এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, মন্তব্য ও ফটোকার্ডে ছড়িয়ে পড়ে তীব্র আলোচনার ঝড়।
এনসিপি সূত্রে জানা গেছে, যেসব উপদেষ্টা গোপনে রাজনৈতিক যোগাযোগ রক্ষা করছেন, তাদের নামের তালিকা দলের হাতে রয়েছে। শিগগিরই সেই তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি।
বিতর্কের মুখে এনসিপির নেতারা বলছেন, নাহিদ ইসলাম যা বলেছেন তা কোনো গোপন তথ্য নয়; বরং উপদেষ্টাদের অনেকের আচরণেই বিষয়টি স্পষ্ট। তাঁদের কেউ কেউ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ করে ফেলেছেন। দলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যারা অভ্যুত্থানের অগ্রভাগে ছিলেন না, সেই ‘দলীয় আজ্ঞাবহ’ ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ছিল বড় ভুল।”
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, “নাহিদ ইসলাম নিজেও উপদেষ্টা পরিষদে ছিলেন। তাই সরকারের ভেতর থেকে তিনি ভালোভাবেই পর্যবেক্ষণ করতে পেরেছেন কারা সেফ এক্সিট খুঁজছেন।” তিনি আরও বলেন, “আমরা বাইরে থেকে যা দেখছি তা হতাশাজনক। অনেক উপদেষ্টা দায়সারা মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন।”
এদিকে এনসিপি নেতারা অভিযোগ করেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া মাফিয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট এখনো সক্রিয় আছে। তারা ইচ্ছাকৃতভাবে সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের টার্গেট করছে, অথচ চাঁদাবাজি-দখলবাজির বিষয়গুলোতে চুপ রয়েছে।”
দলটির মতে, “২৪ জুলাইয়ের তরুণ যোদ্ধারা রাজপথে রক্ত দিয়ে যে নতুন সূর্যের আহ্বান জানিয়েছিল, তা এখন বিপরীত পথে যাচ্ছে। সরকার এখন কেবল একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসাতে ব্যস্ত।”
নাহিদ ইসলামের মন্তব্যের পর প্রকাশ্যে প্রতিক্রিয়া দিয়েছেন অন্তত পাঁচজন উপদেষ্টা—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এবং ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রিজওয়ানা হাসান নাহিদের কাছে তাঁর বক্তব্যের প্রমাণ চেয়ে প্রকাশ্য আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের নেতা সারজিস আলম বলেন, “কিছু উপদেষ্টা শুধু নির্বাচনের মধ্য দিয়ে দায়সারা দায়িত্ব শেষ করে এক্সিট নিতে চান। এই মানসিকতা নিয়ে অভ্যুত্থান-পরবর্তী কোনো সরকার কার্যকর হতে পারে না।”
এনসিপি জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই উপদেষ্টাদের সেফ এক্সিট খোঁজার বিষয়ক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।