Home » ১৮ নভেম্বর উদ্বোধন হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ

১৮ নভেম্বর উদ্বোধন হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ

বিস্তারিত নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

by খবর ২৪ ঘন্টা
0 comments 190 views
A+A-
Reset
প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব দলিলাদি প্রয়োজন হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ” উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি ও কাগজপত্র সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জানিয়ে পরিপত্র জারি করেছে কমিশন।

ইসি’র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খানআবি শাহানুর খান স্বাক্ষরিত এই পরিপত্রটি সোমবার জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, অনলাইনে পূরণকৃত নিবন্ধন ফরম-২ক, বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ (অনলাইন ভেরিফাইড), মেয়াদোত্তীর্ণ বা মেয়াদসম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপি, বিদেশি পাসপোর্টের কপি অথবা সংশ্লিষ্ট দেশে বসবাসরত তিনজন বাংলাদেশি এনআইডিধারীর স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র আবেদন করার সময় জমা দিতে হবে।

এছাড়া আবেদনকারীর পিতা-মাতার এনআইডি কপি, জন্ম ও মৃত্যু সনদ (যদি প্রযোজ্য হয়), পাসপোর্ট কপি, ওয়ারিশ সনদ বা বাংলাদেশে বাসিন্দা হিসেবে নাগরিক সনদ, এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা সনদ (এসএসসি/জেএসসি/পিইসি), নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি, এবং ঠিকানা-সংবলিত ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদ জমা দিতে হবে।

বিশেষভাবে, চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা বা থানার জন্য নির্বাচন কমিশন ঘোষিত বিশেষ তথ্য ফরমও সংযুক্ত করতে হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, মিশন অফিস থেকে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আবেদনকারীকে নির্ধারিত তারিখে স্বশরীরে উপস্থিত হয়ে ছবি ও বায়োমেট্রিক তথ্য (দশ আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর) প্রদান করতে হবে। প্রয়োজনে আবেদনকারীর প্রতিনিধি বাংলাদেশে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে দলিলাদি জমা দিতে পারবেন।

সবশেষে, নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট ভোটার এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com