Home » ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন থেকে অভিনব কায়দায় তেল চুরি

ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন থেকে অভিনব কায়দায় তেল চুরি

সুড়ঙ্গ করে লাইন ফুটো

0 comments 127 views
A+A-
Reset
চট্টগ্রামে বিপিসি’র পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় তেল চুরি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম তেল পরিবহন পাইপলাইন থেকে অভিনব কৌশলে ডিজেল চুরির ঘটনা ধরা পড়েছে। পাইপলাইনের ঠিক ওপরে টিনশেড ঘর নির্মাণ করে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসছিল দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদির ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের গোদনাইল থেকে তেল পাম্পিংয়ের সময় অতিরিক্ত চাপে পাইপলাইনে করা ছিদ্র দিয়ে তেল মাটি ফুঁড়ে উপরে উঠে আসে এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিপিসি জানায়, ঢাকা-চট্টগ্রাম তেল পরিবহন পাইপলাইনটি মাটির প্রায় ১২ ফুট নিচ দিয়ে স্থাপন করা। তবে মানুষের চোখ এড়াতে দুর্বৃত্তরা পাইপলাইনের ঠিক ওপরেই একটি টিনশেড ঘর নির্মাণ করে। পরে সেই ঘরের ভেতর থেকে মাটির নিচে সুড়ঙ্গ কেটে পাইপলাইনে ছিদ্র করে ডিজেল চুরি করা হচ্ছিল। বৃহস্পতিবার সকালে উচ্চচাপে তেল সরবরাহ শুরু হলে ওই ছিদ্র দিয়ে তেল উপচে পড়ে ঘটনাটি প্রকাশ পায়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার সকালে পাইপলাইন থেকে ডিজেল চুরির খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসিপিএলসি)-এর ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমাদ বলেন, দুর্বৃত্তরা অত্যন্ত সুকৌশলে পাইপলাইনের ওপর ঘর নির্মাণ করে নিচে সুড়ঙ্গ কেটে লাইন ফুটো করে তেল চুরি করছিল। পাম্পিংয়ের সময় অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় তেল বাইরে ছড়িয়ে পড়লে বিষয়টি ধরা পড়ে। খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ছড়িয়ে পড়া ডিজেল সংগ্রহের কাজ শুরু করেছে।

ঘটনার পর মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাইদুল ইসলাম এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com