ফেনীতে সোনালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন ও র্যালি
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন লেনদেন মাধ্যম ‘বাংলা কিউআর’ এর ব্যবহার বৃদ্ধি ও সচেতনতা তৈরিতে ফেনীতে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও প্রচারণামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস ফেনীর আয়োজনে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্যাম্পেইন ও র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ফেনীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ খায়রুল আনাম ভূঞা।
আয়োজনে ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক প্রিয়ব্রত বিশ্বাস, এজিএম মো. আলী মাহমুদ এবং এজিএম মো. নোমান ছিদ্দিক। এছাড়া ফেনী অঞ্চলের বিভিন্ন শাখার প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে সক্রিয়ভাবে অংশ নেন।
র্যালিটি সোনালী ব্যাংকের মিজান রোডস্থ ফেনী শাখা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফেনী শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ফেনী শাখার সামনে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী ক্যাম্পেইন চলাকালে ব্যাংকের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের মাঝে ‘বাংলা কিউআর’ ব্যবহারের সহজ পদ্ধতি ও নানা সুফল সম্বলিত লিফলেট বিতরণ করেন। একই সাথে গ্রাহকদের সরাসরি ক্যাশলেস ডিজিটাল লেনদেন প্রক্রিয়া ব্যবহার করে বুঝিয়ে দেওয়া হয়।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।