Home » জমি বিক্রির নামে ৪৬ লাখ টাকা আত্মসাৎ: কারাগারে কাসেম সওদাগর

জমি বিক্রির নামে ৪৬ লাখ টাকা আত্মসাৎ: কারাগারে কাসেম সওদাগর

0 comments 191 views
A+A-
Reset
জমি বিক্রির নামে ৪৬ লাখ টাকা আত্মসাৎ: জামিন না মঞ্জুর, কারাগারে কাসেম সওদাগর

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি বিক্রির নামে বিপুল অংকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় অভিযুক্ত কাসেম উদ্দীন (প্রকাশ কাসেম সওদাগর)-কে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৫ এপ্রিল, ২০২৬) কক্সবাজারের একটি আদালতে জামিন আবেদন করতে গেলে বিজ্ঞ বিচারক তার আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সিআর মামলা নং- ৪৮২/২০২৫-এর আসামি কাসেম উদ্দীন সওদাগর ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাহাশিয়া খালী এলাকার গোলাম আকবরের ছেলে। তার বিরুদ্ধে জমি বিক্রির নাম করে প্রায় ৪৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দীর্ঘ শুনানি শেষে মামলার নথিপত্র ও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

মামলার বাদী ও স্থানীয় সূত্রগুলো জানায়, কাসেম সওদাগর দীর্ঘদিন ধরে জমি বিক্রির টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা সংগ্রহ করে আসছিলেন। বিনিয়োগের প্রলোভন, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং দ্রুত লাভের আশ্বাস দিয়ে তিনি এই অর্থ আত্মসাৎ করেন। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর তিনি দিনের পর দিন সময়ক্ষেপণ করতেন এবং একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন।

স্থানীয়রা দাবি করছেন, কাসেমের প্রতারণার জাল এতটাই বিস্তৃত যে তিনি নিজের আপন সহোদর ভাই ‘মানিক’-কেও রেহাই দেননি। তার এই ধারাবাহিক প্রতারণায় অনেক পরিবার আজ আর্থিকভাবে নিঃস্ব ও বিপর্যস্ত হয়ে পড়েছে।

কাসেম সওদাগর কারাগারে যাওয়ার খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ থাকলেও প্রভাব খাটিয়ে পার পেয়ে যেতেন। এই মামলার পর আরও অনেক ভুক্তভোগী সামনে আসার সাহস পাচ্ছেন। তাদের আশঙ্কা, সঠিক তদন্ত হলে এই চক্রের সাথে জড়িত আরও বড় কোনো প্রতারণার তথ্য বেরিয়ে আসতে পারে।

বর্তমানে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com