প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে দেশসেরা কর্মচারী নির্বাচিত হয়েছেন ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) কর্মরত কম্পিউটার অপারেটর মোঃ ফরিদুল ইসলাম। গত ০৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং প্রাথমিক শিক্ষা পদক জাতীয় পর্যায়ের বাছাই কমিটির সদস্য সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক পত্রে এই গৌরবময় ফলাফল প্রকাশ করা হয়। তাঁর এই অর্জনে নিজ জেলা চাঁদপুরসহ কর্মস্থল ফেনীতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখে রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশসেরা কর্মচারী মোঃ ফরিদুল ইসলামসহ অন্যান্য পদকপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিক সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেবেন।
কর্মজীবন ও সংক্ষিপ্ত পরিচিতি
মোঃ ফরিদুল ইসলাম ১৯৮৭ সালের ১ মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২ নম্বর বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সালে প্রথম সরকারি চাকরিতে যোগদান করেন। বর্তমানে কর্মক্ষেত্রে ‘Administration for Service to People’ (জনগণের সেবায় প্রশাসন) নীতিকে লালন করে শতভাগ সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে তিনি সেবা প্রদান করে আসছেন। দায়িত্বের প্রতি তাঁর এই একনিষ্ঠতাই আজ তাঁকে জাতীয় পর্যায়ে এই গৌরবজনক অবস্থানে নিয়ে এসেছে।
কর্মক্ষেত্রে সততার এই অনন্য স্বীকৃতি পাওয়ায় মোঃ ফরিদুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাছাই কমিটি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আরও বেশি নিষ্ঠা ও সততার সাথে যাতে কাজ করে যেতে পারেন, সেজন্য তিনি সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।