“আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, অথচ এখন দেখছি নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে।”— আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে এ মন্তব্য করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম। এর আগে দুপুর দেড়টার দিকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে শামসুল আলম একটি সেতুর উদাহরণ টেনে দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “একটি সেতু নির্মাণ করতে যেমন শুধু পিলার নয়, রড, সিমেন্টসহ সবকিছুর প্রয়োজন হয়, তেমনি দেশ গড়তেও সবার প্রয়োজন। সবাই যদি শুধু পিলার হতে চান, তাহলে সেতু তৈরি হবে না।” নিজ নিজ জায়গা থেকে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একসঙ্গে না থাকলে জাতি ভেঙে পড়বে। বিভেদ ভুলে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার তাগিদ দেন।
অনুষ্ঠানে উপস্থিত তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে শহীদ ওয়াসিমের বাবা বলেন, “আজ আমি আমার হাজার সন্তানকে এখানে দেখতে পাচ্ছি। যতদিন বেঁচে থাকব, আপনাদের দেখলেই মনে হবে আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে আছি। ভাষায় প্রকাশ করতে পারি না, আমার ছেলে আজও এই শহরের প্রতিটি তরুণের মধ্যেই বেঁচে আছে।” তিনি উপস্থিত সবার কাছে নতুন করে কোনো বৈষম্য সৃষ্টি না করার জন্য বিনীত অনুরোধ জানান।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।