চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ ইয়ার্ডে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিষাক্ত গ্যাস লিকে অন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একাধিক শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত শ্রমিকদের খোঁজখবর নেন এবং নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন,
“এ ঘটনায় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে। শিপইয়ার্ড কর্তৃপক্ষের কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে তদন্ত প্রতিবেদন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারও পক্ষে-বিপক্ষে নয়, সরকারের মূল দায়িত্ব সঠিক ও নিরপেক্ষ তথ্য বের করে আনা।”
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (BSBRA)-এর পক্ষ থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম।
উল্লেখ্য, আজ শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ওই ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের কাজ করার সময় ভেতরের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস লিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ৭ জন শ্রমিক মারা যান। ঘটনার মূল কারণ ও ইয়ার্ডে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।