চট্টগ্রাম

ফটিকছড়িতে হাসপাতালের অব্যবস্থাপনায় এমপি সরোয়ার আলমগীরের ক্ষোভ

দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ নাজুক চিত্র দেখতে পান।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহিরাঙ্গন ও চারপাশ ঘুরে দেখেন। এ সময় দেখা যায়, কমপ্লেক্সের ড্রেনগুলোতে দীর্ঘদিন ময়লা জমে পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। জমে থাকা এই পচা পানিতে এডিস মশাসহ নানা বিপজ্জনক মশার লার্ভা জন্মানোর তীব্র ঝুঁকি তৈরি হয়েছে, যা চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যহানির কারণ হতে পারে। এমন পরিবেশ দেখে এমপি সরোয়ার আলমগীর ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ে ড্রেন পরিষ্কার ও আবর্জনা অপসারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া তাগিদ দেন।

পরিদর্শনের একপর্যায়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সাথে কথা বলেন। রোগীরা চিকিৎসাসেবায় নানা সীমাবদ্ধতা ও অবকাঠামোগত ভোগান্তির কথা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরে হাসপাতালের মিলনায়তনে উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমপি সরোয়ার আলমগীর সেবার মান বৃদ্ধি, জনবলসংকট নিরসন এবং হাসপাতালের পরিবেশ সার্বক্ষণিক পরিচ্ছন্ন রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল ইসলাম ও ডা. এস এম সাইদুল আলমসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com