‘মহান অচিন বাবা’র জাগ্রত সমাধি পীঠে তিল তর্পণ মহা-পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
পরম আরাধ্য শ্রদ্ধেয় “মহান অচিন বাবা”-এর অনুসারীদের উদ্যোগে পরম আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবহের মধ্য দিয়ে গত ২ অক্টোবর (শুক্রবার) চট্টগ্রাম নগরীর নন্দিরহাটস্থ শ্রদ্ধেয় “মহান অচিন বাবা’র” পবিত্র জাগ্রত সমাধি পীঠের পবিত্র পুকুরঘাটে “তিল তর্পণ (অপর পক্ষ) মহা-পুণ্যানুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। পরলোকগত পূর্বপুরুষ ও প্রয়াত আত্মীয়-স্বজনের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের আত্মার শাশ্বত শান্তি ও পরম কল্যাণ কামনায় এই বিশেষ পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রদ্ধেয় “মহান অচিন বাবা’র” অনুসারীগণ পবিত্র পুকুরঘাটে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তিল ও জল নিবেদন করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সম্পন্ন করেন। উক্ত পবিত্র তিল তর্পণ অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক ড. সুমন গাংগুলী, কর আইনজীবী সঞ্জয় আচার্য, এডভোকেট অশোক কুমার দাশ, ডা. লিটন ধর, এডভোকেট সুজিত মহাজন, উত্তম কুমার সেন সহ তিন শতাধিক পুরুষ ও নারী অনুসারী।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রয়াত পিতৃপুরুষ ও স্বজনদের উদ্দেশ্যে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসার সঙ্গে জল ও তিল নিবেদনের মাধ্যমে তাঁদের আত্মার পরম শান্তি ও উত্তম গতির জন্য প্রার্থনা করা হয়। এই আচার কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং জীবিত মানুষের সঙ্গে পরলোকগত প্রিয়জনদের স্মৃতি, শ্রদ্ধা ও আত্মিক সম্পর্কের এক গভীর প্রতীক। জল ও তিল নিবেদনের মধ্য দিয়ে অনুসারীরা তাঁদের বংশপরম্পরায় প্রয়াত সকল আত্মীয়-স্বজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের মাঝে এক অভূতপূর্ব আত্মিক মিলন ও পুণ্যচেতনার আবহ সৃষ্টি হয়। ভক্তদের বিশ্বাস, মানুষের পার্থিব জীবন ক্ষণস্থায়ী হলেও আত্মার সম্পর্ক ও পরমেশ্বরের সঙ্গে আত্মিক সংযোগ চিরন্তন। সেই চেতনা থেকেই পূর্বপুরুষদের স্মরণ ও বিশ্বকল্যাণের উদ্দেশ্যে এ ধরনের পুণ্যানুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানের শেষান্তে কায়-মন-বাক্যে পবিত্রতা ও আত্মশুদ্ধি কামনার পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সচিব পর্ষদ, কূটনৈতিক দূরদর্শী বর্গ, দেশের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমগ্র দেশের শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের জন্য সৃষ্টিকর্তার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে মানবকল্যাণ, আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং সর্বজীবের মঙ্গল কামনায় এ মহতী অনুষ্ঠান সমাপ্ত হয়।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।