চট্টগ্রামের পতেঙ্গায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং বিআরটিএ-কে দালাল ও ঘুষমুক্ত করাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম বাস, মিনিবাস ও হিউম্যান হলার চালক ও সহকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে সকল ধরনের অবৈধ গাড়ি চলাচল বন্ধ এবং শহরের অভ্যন্তরীণ সড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল নিষিদ্ধ করার জোর দাবি জানান। এছাড়া ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রোড পারমিট নবায়নের ক্ষেত্রে বিআরটিএ কার্যালয়ে ‘অফিস খরচের’ নামে ঘুষ বাণিজ্য ও অনিয়মের তীব্র প্রতিবাদ জানান তারা। এসব অসাধু কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাহার করে বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত করার আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। দ্রুত সময়ের মধ্যে তাদের ৯ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।