বাংলাদেশ

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে দুই মাসে ৭২৩ টি কল: নতুন মাইলফলক

সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী বা সেবা গ্রহীতাদের সহায়তার জন্য চালু করা হেল্পলাইনে গত দুই মাসে ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের এই উদ্যোগকে আইনজীবীরা যুগান্তকারী এবং মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

গত ২৫ সেপ্টেম্বর এই সেবা চালু হওয়ার পর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত হেল্পলাইন নম্বরে (০১৩১৬১৫৪২১৬) বিভিন্ন বিষয়ে তথ্য ও সহায়তা চেয়ে কল করেছেন সেবাগ্রহীতারা। এর মধ্যে ৪২৬টি কলের মাধ্যমে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে, ২৪৩টি কলের মাধ্যমে মামলা সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়েছে, এবং ৪২টি কলের মাধ্যমে অনিয়ম, বিলম্ব ও দুর্নীতির বিষয়ে অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বলেন, “প্রধান বিচারপতির এই উদ্যোগ বিচারপ্রার্থীদের হয়রানি কমাতে সহায়তা করছে এবং আদালতের ভাবমূর্তি বাড়িয়েছে। এটি বিচার বিভাগে কাঙ্ক্ষিত সংস্কার ও উন্নয়নের দ্বার উন্মোচন করবে বলে আমরা আশা করি।”

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সেবাগ্রহীতা সেবা গ্রহণে প্রতিবন্ধকতার মুখোমুখি হলে এই হেল্পলাইনের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা পাবেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা চালু থাকে।

প্রধান বিচারপতি এরই মধ্যে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখায় সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ১২টি নির্দেশনা দিয়েছেন। এগুলোর মধ্যে দ্রুত সেবা প্রদান, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সেবাগ্রহীতাদের প্রতি সদাচরণ, এবং প্রতিদিনের কাজ নির্ধারিত সময়ে নিষ্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com