সামাজিক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান ‘বৃহত্তর রাহাত্তারপুল সমাজকল্যাণ পরিষদ’ এর উদ্যোগে গত ২৯ নভেম্বর, ২০২৪ তারিখে (শুক্রবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। সন্ত্রাসবাদ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই র্যালি আয়োজন করা হয়।
বেলা তিনটায় শুরু হওয়া র্যালিটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন আলহাজ্ব সেকান্দার, আলহাজ্ব হারুন, মনজুর আলম, আব্দুর রহমান, মো. নুরুন্নবী মিয়া এবং সাইদুল আলম সাঈদসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ র্যালি সামাজিক অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধ সংকল্পের প্রতিফলন ঘটায়।

এলাকাবাসী অভিযোগ করেন যে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে সমাজে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধ বেড়ে গিয়েছিল। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় এসব অপরাধ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করেছিল।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর এলাকাবাসী পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠার প্রয়াসে সক্রিয় হয়েছে। র্যালিতে অংশগ্রহণকারীরা প্রশাসনের সহযোগিতা চেয়ে দাবি করেন, যেন অপরাধীরা আর কখনো তাদের দৌরাত্ম্য চালাতে না পারে।