চট্টগ্রামের বহুল আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি নূর আলম সুমন (৩৮)-কে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। ০৯ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দের ভোররাতে খাগড়াছড়ি সদর থানার অন্তর্গত খাগড়াছড়ি পৌরসভাস্থ উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এড়াতে ছদ্মবেশ
ধৃত আসামি নূর আলম সুমন গ্রেফতার এড়াতে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল। বায়েজিদ বোস্তামী থানা পুলিশ টানা দুইবার ব্যর্থ অভিযানের পর তৃতীয় প্রচেষ্টায় তাকে গ্রেফতারে সফল হয়।
মামলার পটভূমি
গত ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে সকালে, নূর আলম সুমন ভিকটিম মো. বাবুলের দোকানের কর্মচারীদের থেকে জোরপূর্বক তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় বাবুল প্রতিবাদ করলে সুমন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দিয়ে চলে যায়।
একই দিন দুপুর আনুমানিক ১২:৪৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন জলদার পুল এলাকার তৈয়বের স্ক্র্যাপের দোকানের সামনে বাবুলকে একা পেয়ে সুমন ধারালো ছোরা দিয়ে পেটের মাঝখানে আঘাত করে গুরুতর আহত করে।
বাবুলকে আশেপাশের লোকজন এবং তার মেয়ে আঁখি আক্তার উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ সেপ্টেম্বর সকাল ৬:৪০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।
অভিযানের সফলতা ও দোষ স্বীকার
গ্রেফতারকৃত নূর আলম সুমন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। সুমনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একাধিক ছিনতাই এবং অন্যান্য অপরাধের মামলা রয়েছে।
বাকি আসামিদের খোঁজ চলছে
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।